সেবার পুজোর ছুটিতে একপ্রকার এক অজানা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। সময়টা আজ থেকে প্রায় ১৯ বছর আগে। এটা ছিল বন্ধুদের সাথে প্রথম ভ্রমণের অভিজ্ঞতা। প্রথম বলে কিনা জানা নেই কিন্তু ভ্রমণের সেই এক অপরূপ মায়াবী এক সন্ধ্যা আজও যেন চোখ বন্ধ করলে ভেসে ওঠে। মনে হয় সুযোগ পেলেই আবার ছুটে চলে যাই সেখানে। আজ এতো বছর পরে আজ সেই ভ্রমণের অভিজ্ঞতা এই লেখার মাধ্যমে তোমাদের জানাবো। যদি কখনো সুযোগ পাও তবে একবার ঘুরে এসো, আশাকরি তোমারও এই ভ্রমণ আমার মতো সারাজীবনের মতো মনে গেথে থাকবে।
সময়টা ২০০৮ সালের অক্টোবর মাসের শুরু। দক্ষিণবঙ্গে শরতের পরশ শুরু হয়েছে, এই বছর দুর্গাপূজাও ছিল অক্টোবরে এর শুরুতে। গরমের শেষে বেশ আরামের পরিবেশ। তখন আমি কর্মজীবনের কয়েক বছর কাটিয়ে ফেলেছি। মাসের শুরুতেই ব্যাংকে বেতন জমা পড়তেই মনে এলো এবার পুজোটা কোথাও ঘুরে এলে হয়। বিষয়টা দুই বন্ধুর সাথে আলোচনা করতেই তারাও রাজি, পরের দিনই তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম ঘুরবার উদ্দেশ্যে। দিনটি ছিল দুর্গাপূজা সপ্তমী।
রাত্রে শিয়ালদহ থেকে উত্তর বঙ্গের পদাতিক এক্সপ্রেসের স্লিপারে টিকিট চড়ে বসলাম, গন্তব্য নিউ জলপাইগুড়ি। ঠিক হলো, আমরা আগে যাবো সিকিমের গ্যাংটক তারপর ভাববো কোথায় যাওয়া যায়।
ট্রেন ছাড়লো রাত্রি ১০ নাগাদ। ট্রেনে উঠার আগে রাত্রের খাবার খেয়ে নিয়েছিলাম তাই ট্রেন গঙ্গা পার করতেই বিছানা রেডি করে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো, সকাল ৬ টা নাগাদ। ট্রেন ততক্ষনে পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গে। চারিদিকে হালকা কুয়াশা মতো পড়েছে, যেমন শীতের শুরুতে ভোরের দিকে হয় । যেখানে ফাঁকা জমি, সেখানে দূরের গাছপালা আবছা দেখা যায়। আর মাঝে মাঝে দেখতে পেলাম চা বাগান। সে এক দারুন দৃশ্য। কিছুক্ষন পরে, আনুমানিক ৮ তা নাগাদ ট্রেন পৌছালো নিউ জলপাইগুড়ি স্টেশনে।
নিউ জলপাইগুড়ি স্টেশনে ফ্রেশ হয়ে, চা ও হালকা জলখাবার খেয়ে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। স্টেশন চত্বরেই সব শেয়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তারা কেউ যাচ্ছে দার্জিলিং কেউ গ্যাংটক আর কেউ আর কোথাও। ট্রেনেই ঠিক হয়েছিল আমরা যাচ্ছি সিকিম আর সেই মতো সিকিমের রাজধানী গ্যাংটকের শেয়ার গাড়িতে তিনটি টিকিট কেটে উঠে পড়লাম।
নিউ জলপাইগুড়ি শহর দেখে একটু অবাক হলাম, কোলকাতার বাইরে পশ্চিমবঙ্গে এতো বড় শহর! কিছুক্ষন বাদে শহর পার করে গাড়ি চললো চা বাগানের মধ্যে দিয়ে। আমাদের রাস্তার পাশ দিয়ে আমাদের সাথেই চলছিল টয় ট্রেনের লাইন। এর পর শুরু হলো জঙ্গল। জঙ্গলের একটু হালকা হতেই দেখতে পেলাম পাহাড় - হিমালয়!
পাহাড়ে উঠতেই মনটা এক দারুন আনন্দে ভরে গেলো। সম্ভবত এক ঘন্টা চলবার পরে সেবক ব্রিজ পার করল আমাদের গাড়ি। তারপর এক সময় সিকিমের বর্ডার এ পৌছালাম , সেখানে আমাদের পরিচয় পত্র চেক করা হলো। তারপর আবার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা। এই পথে আমাদের বা দিকে রয়েছে গভীর গিরিখাদে আর ডান দিকে উঁচু পাহাড়। খাদের মধ্যে বয়ে চলেছে তিস্তা নদী। উপর থেকে এমন দৃশ্য খুবই সুন্দর। এক জায়গায় কয়েকজনকে ওয়াটার রাফটিং করতে দেখলাম। উদ্ধাম জলস্রোতের মধ্যে দিয়ে নৌকা নিয়ে বিচিত্র এক রোমাঞ্চের এই খেলা। তাতে আছে যেমন আনন্দ তেমনই বিপদের ঝুঁকি। চা জল খাবারের জন্য গাড়ি দাঁড়ালো আরও দুটি জায়গায়। এভাবে প্রায় ৫-৬ ঘন্টা কাটানোর পরে পৌছালাম গ্যাংটক - সিকিমের রাজধানী। তখন দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে।
গাড়ি স্ট্যান্ডের কাছেই একটা সস্তার হোটেলে উঠলাম আমরা তিন বন্ধু। সকালের খাবার সহ এক দিনের একটা তিন জনের মতো রুমের ভাড়া মাত্র ৫০০ টাকা। তখন আয় কম তাই বাজেটও কম, অবশ্য তাতে আনন্দ বা উৎসাহ কিছুই কমে না। হোটেলে চেক-ইন করেই বেরিয়ে পড়লাম মহাত্মা গান্ধী মার্গ বা এম. জি. মার্গ দেখবার উদ্দেশ্য। জায়গা সত্যিই অবাক করবার মতো, এতো পরিষ্কার, এত সুন্দর করে গোছানো, ভাবতেই পারি না ! সুন্দর হেটে ঘুরবার জায়গা, তার দুইদিক থেকে বিভিন্ন দোকান আর তার মাঝে বিভিন্ন রঙের সুন্দর ফুল লাগানো। সেসবের পশে অনেক বসবার জায়গা। অনেক মানুষ সেখানে বসে আছেন, কেউ দাঁড়িয়ে গল্প করছে, কেউ কিছু কিনে খাচ্ছে - সব মিলে দারুন এক আনন্দের জায়গা। এখানে বেশ কিছুক্ষন ঘুরে, খাবার খেয়ে, বন্ধুদের সাথে আড্ডা মেরে, ছবি তুলে বিকালটা কাটালাম। আমাদের কারো ছবি তুলবার ক্যামেরা ছিল না, আসবার আগে পাড়ার এক দাদার থেকে ধার করে নিয়ে আসা। এম. জি. মার্গেই রয়েছে অনেকগুলো টুরিস্ট অফিস, তার একটা থেকে আমাদের জন্য বুক করলাম নর্থ সিকিমের ইউংথাং যাবার টুরিস্ট প্যাকেজ। দুই দিন এক রাত্রের প্যাকেজ। গাড়ি ভাড়া, ইউংথাং এ হোটেলে থাকা, রাতের ও সকালের খাওয়া এর মধ্যে। তিন জনের মোট খরচ পড়ল ৫২০০ টাকা মতো। আমাদের উত্তর সিকিমের যাত্রা শুরু হবে আগামীকাল সকালে, তাই রাত্রের খাবার তাড়াতাড়ি খেয়ে হোটেল ফিরে এলাম।
পরের দিন বেশ ভোরে ঘুম থেকে রেডি হয়ে সকাল ৭ টার মধ্যেই পৌঁছে গেলাম গাড়ি স্ট্যান্ডে, এখানে থেকে আমাদের গাড়ি ছাড়বে। আমাদের ড্রাইভারের নাম রাম, বেশ হাসিখুশি ভাল মানুষ। বয়স আমাদের মতোই। ড্রাইভার আমাদের বললো আগামী দুই দিনের শুকনো খাবার যেন আমরা সাথে নিয়ে নি, কারণ যেখানে যাচ্ছি সেখানে সব কিছু পাওয়া যায় না। আর পেলেও দাম অনেক বেশি, কারণ সেসব এই নিচের থেকেই ওখানে পৌঁছায়। আমাদের গাড়ি ছাড়লো সকাল ৯টা নাগাদ। একটু দেরি কারণ দুই জন যাত্রীর পারমিশন পেতে দেরি হয়েছে। আমাদের অবশ্য গতকালই পরিচয় পত্র নিয়ে টুরিস্ট কোম্পানি সেসব তৈরী করে রেখেছিলো।
এক-দেড় ঘন্টা এক প্রকার শহরের মধ্যে দিয়ে চলল আমাদের গাড়ি। তারপর ধীরে ধীরে বসতি কম হতে থাকলো। এক পাশে গভীর গিরিখাদ অন্য পাশে উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে একে-বেঁকে চলেছে আমাদের সরু রাস্তা। মাঝে মাঝে পাহাড়ের কোলে দুই-একটা ছোট গ্রাম। বেশ কিছুক্ষন বাদে রাস্তা একটা বা-দিকে ঘুরবার সময় দেখা পেলাম প্রথম ঝর্ণার। রাস্তা সেই ঝর্ণার পাস দিয়ে চলেছে আর ঝর্ণার জল রাস্তার ওপর দিয়ে গড়িয়ে গভীর খাদে নেমে যাচ্ছে। ড্রাইভার গাড়ি দাঁড় করলো আমাদের ঝর্ণাটা দেখবার জন্য। এতো কাছের থেকে এমন একটা ঝর্ণা, সত্যিই খুবই দারুন! ঝর্ণার পাশেই একটা নোটিশ বোর্ড , তাতে লেখা “ওয়েলকাম তো the নর্থ সিকিম” - উত্তর সিকিমে আপনাকে স্বাগত। বুঝলাম এবার আমরা নর্থ সিকিমে প্রবেশ করলাম।
আবার আমাদের যাত্রা শুরু। আমাদের গাড়ি ওই রাস্তা ধরে উপরে উঠছে তো উঠছেই। রাস্তা যেন আর শেষ হয়না। কোথাও ভাল সুন্দুর রাস্তা তো কোথাও ভাঙা রাস্তায় গাড়ি লাফিয়ে লাফিয়ে চলছে। মাঝে মাঝে অন্য গাড়ি দেখলে আমাদের ড্রাইভার অন্য গাড়ির ড্রাইভারদের সাথে নিজেদের ভাষায় কথা বলছে, হয়তো রাস্তার খবর নিচ্ছে। তখনও মোবাইল এসব জায়গায় সব জায়গায় পাওয়া যায় না, গুগল ম্যাপ ভবিষতের গর্ভে ফলে রাস্তার খবর নেয়ার এটাই একমাত্র উপায়। এক জায়গায় একটা ছোট বাজার , ৩-৪ টি দোকান। ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে চলে গেলো। ফিরবার সময়ে দেখলাম দুই ট্ৰে ডিম, দুটো মুরগি আর কিছু সবজি ও অন্য মুদি জিনিস। সেসব গাড়ির ছাদের ওপরে তুলবার সময় জিজ্ঞাসা করলাম এসব কেন ? উত্তরে জানালো, আমাদের খাবার। যেখানে যাচ্ছি সেখানে খাবার পাওয়া যায় না। এই বাজার থেকেই নিয়ে যেতে হয় ট্যুরিস্টদের খাবার। কিছুটা অবাকই হলাম, আমরা যাচ্ছি কোথায় ?
আবার গাড়ি চলেছে , ড্রাইভার আরো একটা দুটো জায়গায় দাঁড়িয়ে রাস্তার পাশের বাড়িতে কিছু খাবার দিয়ে এলো। জিজ্ঞাসা করলে জানালো, এখানে এভাবেই চলে। গাড়ি নিচে শহরে গেলে চেনা লোকেরা বলে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে। যদি কারো কিছু দরকার হয় তবে কখনো কখনো ২-৩ দিন অপেক্ষা করতে হতে পারে সেটা পাবার জন্য। শীতের সময়ে এই সময় আরো বেশি লাগতে পারে। আজকের ১০ মিনিটের ডেলিভারির যুগে সেসব তো ভাবাই যায়না !
দুপুর ২ টা নাগাদ, ড্রাইভার একটা বাজারে গাড়ি দাঁড় করলো। জানলাম জায়গাটার নাম মানগান। নর্থ সিকিমের সব চেয়ে বড় বাজার। এখানেই আমাদের দুপুরের খাবার খেয়ে নিতে হবে। এই খাবার আমাদের প্যাকেজ এর মধ্যে ছিল না , নিজেদের খরচ করে খেতে হবে। তবে সময় মাত্র ৩০ মিনিট, একটু দেরি হলে ক্ষতি নেই তবে বেশি দেরি হতে গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যাবে। আর রাতে সিকিমের এমন রাস্তায় গাড়ি চালাবার অর্থ কি সেতো তোমরা ভালভাবেই জানো। তাড়াতাড়ি খেয়ে গাড়িতে উঠলাম। একটু পরেই গাড়ি আবার চলা শুরু করলো। এবারে রাস্তা আরো একটু সরু হয়ে গিয়েছে, খারাপ রাস্তার পরিমান আরো বেশি, বার বার মোড়, যেন রাস্তাটা সাপের মধ্যে একে বেঁকে চলছে। আর তারই এক পাশে গভীর খাদ, তারই মধ্যে দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী।
কিছুক্ষন বাদে হালকা শীত লাগতে শুরু করল। বাইরের হাওয়া বেশ ঠান্ডা। ড্রাইভার সকলকে বললো শীতে পোশাক পরে নিতে। তখন ঘড়িতে সময় প্রায় ৪ টা। এর মধ্যেই যেন আলো কমে এসেছে। মাঝে মাঝে মেঘ বা হয়তো কুয়াশা ঘিরে ধরছে আমাদের গাড়িকে। তখন বেশি দূর আর দেখা যাচ্ছে না। আমাদের ড্রাইভার খুব সাবধানে গাড়ি চালাচ্ছে, প্রতি মোড়ে বার বার হর্ন দিয়ে উল্টো দিক থেকে আসা গাড়িকে সাবধান করে দিচ্ছে। কোথাও কোথাও রাস্তা এতো তাই সরু যে দুটো গাড়ি পাশ দিয়ে যেতেই পারবে না। একটা মোড় ঘুরতে দেখতে পেলাম পাহাড়ের চূড়ায় বিকালের রোদ পরে চক চক করছে স্বেত শুভ্র বরফ! এই যাত্রায় প্রথম বরফের দেখা পেয়ে মন আনন্দে লাফিয়ে উঠলো। সারা দিনের পথের যে ক্লান্তি এক মুহূর্তে যেন ভুলে গেলাম। ড্রাইভার জানালো আমরা প্রায় পৌঁছে গিয়েছি। সামনের পাহাড়গুলো পার করলেই আমাদের আজকের গন্তব্য - লাচেন গ্রাম। ততক্ষনে আমাদের চারিদিকে ছায়া নেমে এসেছে। কিছুক্ষন বাদে আমরা সেই পাহাড় পার করে রাস্তা একটু নিচের দিকে নামতে থাকলো, দেখতে পেলাম আমাদের আজকের গন্তব্য লাচেন গ্রাম।
লাচেন শব্দের অর্থ - বড় গিরিখাদ, আক্ষরিক অর্থেই নামটা সঠিক। দুই দিকে দুই উঁচু পাহাড়ের মধ্যে কিছুটা নিচু জায়গা, একটা উপত্যাকা আর সেখানেই এই গ্রাম। গ্রামের পূর্ব দিকে রয়েছে বিশাল এক পাহাড়, আর পশ্চিম দিকে তুলনামূলক ছোট পাহাড় যা একটু দূরে। গিরিখাদ টি উত্তর - দক্ষিণ বরাবর। গ্রামের মধ্যে থেকে উত্তর থেকে দক্ষিণে বয়ে চলেছে একটা ছোট খরস্রোতা নদী - লাচেন নদী।
আমাদের গাড়িটি ব্রিজের ওপর দিয়ে নদী পার করে একটা কাঠের তৈরী হোটেলের সামনে দাঁড়ালো। এখানেই আমাদের আজকের রাত্রিবাস। হোটেলটি খুব বেশি বড় নয়। ৪-৫ টি ঘর হবে। হোটেলের সামনে একটা ছোট উঠান। চার দিকে সুন্দর করে পাথরের পাঁচিল দেয়া আর তার সাথে পুরো হোটেলে দারুন সুন্দর ভাবে বিভিন্ন রঙের ফুলের গাছ দিয়ে সাজানো। হোটেলটি ছোট হলেও এটি যে খুব যত্ন নিয়ে সাজানো সেটা ভালভাবেই বোঝা যায়। তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। পশ্চিম দিকের পাহাড়ের ফাক দিয়ে সূর্যের আলো পড়েছে পূর্ব দিকের পাহাড়ের গায়ে। পূর্বের সেই পাহাড়ের খুব উঁচু থেকে নেমে আসছে একটা ঝর্ণা। হোটেলের লনে দাঁড়িয়েও যেন সেই ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। আর সেই সূর্যের আলোয় পাহাড় ও ঝর্ণা মিলিয়ে যেন এক অপার্থিব রূপ তৈরী করেছে, যা আজ প্রায় ১৯ বছর বাদেও আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই।
সন্ধ্যার সাথে সাথেই শীত আরও জাকিয়ে পড়লো। উফঃ কি ঠান্ডা! জলে হাত দিলে যেন হাত কেটে যাচ্ছে এমন অনুভূতি। ঘরের ভেতরেও খুব ঠান্ডা। কয়েকটা শীতের পোশাক পরেও সেই শীত যায় না। ঘরে একটা লাইট রয়েছে কিন্তু তার আলো বেশ কম। কিছুবাদে ঘরের বাইরে এসে দেখলাম পুব আকাশে পাহাড়ের ওপরে অষ্টমীর চাঁদ উঠছে। আর সেই পাহাড়ের ওপর থেকে নেমে আসা ঝর্ণার রূপ এই আধো আলো আধারিতে আরো মোহময়ী লাগছে। মনে নেই কতক্ষন বিহ্ববল হয়ে এই অপরূপ দৃশ্য দেখছিলাম। হোটেল মালিকের কথায় সেই ঘোর ভাঙলো , তিনি জানালেন এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে, সন্ধ্যার চা ও কিছু খাবার দেয়া হয়েছে। পশ্চিম আকাশের দিকে ইঙ্গিত করে জানালেন মেঘ হচ্ছে আর যা ঠান্ডা আজ রাতে তুষারপাত হতে পারে। আর সেটা হলে আমাদের এক দারুন প্রাপ্তি কারণ শীতের প্রথম তুষারপাতের আমরা সাক্ষী হয়ে থাকবো।
রাত্রি ৮টার একটু পরেই গাড়ির সকল যাত্রীদের এক সাথে রাতের খাবার দেয়া হলো। পুরো দিনের এতো লম্বা যাত্রার পর খিদেও পেয়েছিলো বেশ। সাদা গরম ভাতের সাথে একটা সবজি, ডাল, আলু ভাজি আর মুরগির মাংসের ঝোল, যেন অমৃত। ততক্ষনে ঠান্ডা যেন আরো বেড়ে গিয়েছে, হালকা হাওয়া শুরু হয়েছে বাইরে। গা গরম করবার জন্য আমাদের কিউব আকৃতির কিছু একটা খাবার দিলেন হোটেল মালিক। বললেন এটা এখানের চরমি গাইয়ের দুধ থেকে তৈরি। মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খেলে গা গরম থাকে। খাবার শেষে হোটেল মালিক সবাই কে বাইরে দেখতে বললো। সকলে এক সাথে দৌড়ে বাইরে গেলাম আর যা এতো দিন চেয়ে এসেছি সেটাই হচ্ছে। তুষারপাত! আকাশ থেকে লাখ লাখ পেজা তুলোর দলা নেমে আসছে। সেসব তুষার হালকা হাওয়ায় যেন ভেসে চলেছে। জ্যাকটের ওপরে সেসব এসে পড়ছে, হালকা ফুঁ দিলে সেসব আমার নিচে পড়ে যাচ্ছে। হাতে ধরলে গায়ের গরমে গলে জল হয়ে যাচ্ছে, আর তুষার পড়ে চারিদিক ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। আমরা একেবারে বাচ্চাদের মতো এই তুষার নিয়ে খেলতে খেলতে কত সময় কাটিয়ে ফেললাম জানা নেই। হতে পারে এক ঘন্টা আবার হতে পারে দুই ঘন্টা, জানা নেই। এক সময় ক্লান্তি আমাদের গ্রাস করল। তুষারপাত তখনও চলছে, আমরা ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। মনে এক পরম তৃপ্তি , যে সৌন্দর্যের জন্য এতটা পথ আসা তার পুরোটাই আমরা আজ পেয়ে গিয়েছি। কাল সকালে আমরা যাবো আমাদের প্রধান গন্তব্য - ইউংথাং।
সকালে ঘুম ভাঙলো হোটেল মালকিনের ডাকে, জানালো চা তৈরী। ড্রাইভারও আমাদের জানিয়ে দিলো আধাঘন্টার মধ্যে বেরোতে হবে। আজ আমরা এক দারুন দৃশ্য দেখতে পাবো সে ঘরের বাড়ির এসেই বুঝতে পারলাম। চারিদিক বরফে সাদা হয়ে রয়েছে। গাছের পাতায় , জমিতে সব বরফ।
সকাল সাড়ে সাতটার মধ্যেই আমরা যাত্রা শুরু ইউংথাং এর উদ্দেশ্যে। লাচেন গ্রাম থেকে বেরিয়ে আমাদের গাড়ি ডান দিকে মোড় নিয়ে উত্তরের দিকে যাত্রা শুরু করল। এখানের থেকে কাল বিকালে যে ঝর্ণা দেখেছি সেটা আরো কাছের থেকে দেখা যাচ্ছে। বিশাল পাহাড়ের অনেক ওপর থেকে ঝর্ণা প্রবল বেগে নিচে নেমে আসছে। আমাদের এই পথ ধরে চলতে থাকলে আমরা পৌঁছে যাবো ইন্ডিয়া - চীন বর্ডারে। ইউংথাং এ আমাদের পৌঁছাতে প্রায় ৪০-৪৫ মিনিট লাগবার কথা। কিন্তু যাত্রা শুরু করতেই বুঝলাম বিষয়টা এমনও হচ্ছে না। পুরো রাস্তায় বরফ জমে রয়েছে। চারিদিকের গাছ বরফে ঢেকে আছে। রাস্তা যে ঠিক কোথায় সেটাই বোঝা কঠিন। তবে অভিজ্ঞ ড্রাইভারের ওপর ভরসা আছে আমাদের। বরফে গাড়ির চাকা স্লিপ করছে। ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে চাকায় চেন বেঁধে নিলো, ভালো গ্রিপ এর জন্য। পুরো দৃশ্য কি আর বলবো, সব তো আর বলে বোঝানো যায় না। পাশের পাইন গাছ, রডোডেনড্রন গাছ, কি ছোট ঝোপ-ঝাড় সব বরফে সাদা। আমরা সোজা উত্তর দিকে চলেছি, লাচেন থেকে ইউংথাং এর রাস্তা অনেকটাই চড়াই। আর ডান দিকে নিচের দিকে বয়ে লাচেন নদী।
প্রায় এক ঘন্টা চলবার পরে পৌছালাম একটা উপত্যাকায়। চারিদিকে পাহাড়ে ঘেরা, প্রতিটা পাহাড় যেন এক ছাচে ফেলা, পিরামিডের মতো ত্রিভুজাকৃতি। পাহাড় - জমি সব বরফে ঢাকা। আমরা যখন পৌছালাম তখন মাত্র দুটি তিনটি গাড়ি পৌঁছেছে। রাস্তার পশে সবে একটি চায়ের দোকান খুলেছে। গরম গরম চা খেতে খেতে তার থেকে জানতে পারলাম এরা কেউ এখানে থাকে না, সবাই নিচে লাচেন গ্রামে থাকে। সকালে এখানে এসে দোকান বসায় আবার বিকালে ফিরে যায়। চা খেয়ে রাস্তা ছেড়ে উপতক্যায় নামলাম। হোটেল মালিক একটা ভালো কাজ করেছিল, আমাদের সবাইকে ৫০ টাকা দরে গামবুট ভাড়া করে নিতে বলেছিলো। সত্যিই এটা কাজের, নইলে বরফে জুতো ভিজে যেত। উপতক্যার মাঝের থেকে বয়ে চলেছে সেই নদী। চারিপাশের পাহাড়ের বরফ গলা জল থেকেই এই নদীর তৈরী। আমরা হেটে সেখানে পৌঁছে গেলাম। একেবারে কাচের মতো পরিষ্কার সে জল আর তেমন ঠান্ডা। এখানে কয়েকটা জায়গায় দেখলাম জল উপর থেকে নিয়েছে ঝর্ণার মতো নামবার সময়ই জমে বরফ হয়ে গিয়েছে। এই উপতক্যায় এক পাশে অনেক বিভিন্ন রঙের পতাকা। ড্রাইভারের থেকে জানলাম বৌদ্ধ ধর্মের মানুষরা এমন পতাকা বিভিন্ন জায়গায় টানিয়ে দেয়। আমরা প্রায় ২-৩ ঘন্টা কাটালাম ইউংথাং এ। সেখানে গরম ডিম - ম্যাগি ও চা খেলাম। তখন প্রায় দুপুর ১২ টা, ড্রাইভার সকলকে তাড়া দেয়া শুরু করেছে। কিন্তু এমন সুন্দর জায়গা ছেড়ে ফিরতে কি কারো মন চায়? ড্রাইভার মনে করলো আমাদের হোটেলে ফিরে খেয়ে আবার গ্যাংটক ফিরতে হবে। রাত্রি হয়ে যাবে শহরে ফিরতে। অগত্যা কি আর করা। বাধ্য হয়েই হোটেলে ফিরবার পথ ধরলাম। রাস্তায় একটা জায়গায় দাঁড় করিয়ে একটা ছোট ঘর দেখিয়ে বললো চট করে দেখে নিতে , ওটা উষ্ণ প্রস্রবণ। ভাবলাম সেট আবার কি? জিনিসটা বইয়ে পড়েছি কিন্তু কখনো দেখিনি। ঘরের ভেতরে পৌঁছাতেই অনুভব করলাম জায়গাটা বেশ গরম। এই ঠান্ডায় বেশ আরামের। ভাবতেই অবাক লাগে এই ঠান্ডায় বরফের মধ্যে প্রকৃতিক ভাবে গরম জল, আহা প্রকৃতির কি দারুন সৃষ্টি !
হোটেল ফিরতে প্রায় দেড়টা। দুপুরের খাবার খেয়ে হোটেল থেকে বেরোতে প্রায় আরো এক ঘন্টা। আমরা বেশ লেট। সামনে আরো প্রায় ৭ ঘন্টার যাত্রা। ফিরবার সময় নিচের দিকে নামবো, ফলে যাবার থেকে কিছুটা কম সময় লাগবে। আবার সেইআকাবাকা পথ, আবার সেই দারুন যাত্রা। তবে এবার মন কিছুটা খারাপ, এতো সুন্দর জায়গা ছেড়ে যেতে কারই বা ভালো লাগে? কিন্তু ফিরতেই তো হবে।
পথে বেশ কিছুটা ঘুমিয়ে কাটালাম। ঘুম ভাঙলো একটা জায়গায় সেখানে খুব গারো কুয়াশা। দুই হাত দূরের জিনিসও দেখা যায় না। ড্রাইভার রাস্তার ডান দিকে পাহাড়ের গা ঘেঁষে নামতে থাকলো। বা দিকে গভীর খাদ, যদি একটু ভুল হয় তবে আমরা গিয়ে পড়ব হাজার ফুট নিচের খাদে। আমাদের সহ যাত্রীরা ইষ্টনাম জপ করতে থাকলো।সবাই একে বারে চুপ। বেশ কিছুক্ষন বাদে আরেকটু নিচে নামতে স্বস্তির নিঃস্বাস ফেললাম সবাই। ড্রাইভার বললো এই অঞ্চলে ৭৫০০/৮০০০ ফুট উচ্চতায় এমন পরিবেশ হয় মাঝে মাঝে। বিষয়টা ওনার কাছে নতুন নয়। কিন্তু সাবধান না হলেই বিপদ।
সন্ধ্যার সময় একবার গাড়ি দাঁড়িয়েছিল কিছুক্ষনের জন্য - চা বিরতি। বাকি পুরো সময় গাড়ি চলেছে। একটু পরে দূর থেকে গ্যাংটক শহরের আলো দেখতে পেলাম। কিন্তু গ্যাংটক শহরে পৌঁছাতে আরো প্রায় এক ঘন্টা লেগে গেলো। আসলে পাহাড়ে অনেক দূর থেকে হয়তো কোনো জায়গা দেখা যায়, মনে হয় এই তো কাছেই। কিন্তু পাহাড়ি রাস্তা তো আর চোখের দৃষ্টির মতো সমান ভাবে চলে না , যেতে হয় পাহাড়ের পথ ধরে ,তাই সময় অনেক লেগে যায়।
আমাদের গ্যাংটকের হোটেল আজকের জন্য আগেই বুক করে রেখেছিলাম, আবার সেই একই রুমে উঠলাম। আজ রাতের খাবার হোটেলেই খাবো, এতো যাত্রার পরে আর বাইরে যাবার ইচ্ছা হলো না। হোটেল রেসিপশন থেকে জানতে চাইলো আগামীকাল আমরা এবার কোথায় যাচ্ছি ? কোনো প্ল্যান নেই জেনে তিনি বললেন, রাবাংলা চলে যাও , দারুন জায়গা। রাবাংলা? এটা তো নতুন নাম! বন্ধুদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম, প্রশ্ন হবে নাকি? সাথে সাথে উত্তর, হয়ে যাক। কাল সকাল ৬ টায় গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়বে, তবে এখনই তৈরী হয়ে নাও, বন্ধু!
No comments:
Post a Comment